কুলাউড়ার ২২ চা বাগানে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
দীর্ঘ আট বছর পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানে শ্রমিক পঞ্চায়েত কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে প্রতিটি চা বাগানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এবার ২২টি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি পদে ৬২ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাতটি ভ্যালিতেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি চা বাগানে শ্রমিক ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ আট বছর পর ভোটের আয়োজন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
কালিটি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি প্রার্থী সুমের রবিদাস, লংলা চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি প্রার্থী সঞ্জু অধিকারী, বিজয়া চা বাগানের সভাপতি প্রার্থী কিরণ শুক্লবৈদ্য, গাজীপুর চা বাগানের সভাপতি প্রার্থী মিন্টু চামা এবং হিংগাজিয়া চা বাগানের সহসভাপতি প্রার্থী হুমায়ুন বেগম বলেন, 'দীর্ঘদিন পর নির্বাচনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব।'
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে-@এমন প্রত্যাশা ভোটারদের।
Comments