এনবিআর নিয়ে অসন্তোষ, সংস্কারে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত অর্থমন্ত্রীর
কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ঘিরে বিভিন্ন অভিযোগ ও অসন্তোষের কথা দেশে-বিদেশে শুনতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরেও এনবিআরের বিষয়টি বারবার আলোচনায় আসছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে 'বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা' প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য বিনিময় দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতেই এ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অর্থমন্ত্রী বলেন, কাস্টমস ও এনবিআর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। দেশের বাইরে গেলেও এ দুটি প্রতিষ্ঠান সম্পর্কে নানা কথা শুনতে হয়। জাপান কিংবা কোরিয়া সফরেও এনবিআরের বিষয়টি বারবার সামনে আসছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ চেয়েছেন তিনি। আমির খসরু বলেন, শুধু এনবিআর নয়, সরকারের বিভিন্ন খাতের সংস্কার কার্যক্রমেও অংশীজনদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখতে চায় সরকার। ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিজেদের মতামত ও প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।
সংস্কার কার্যক্রম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার যতই উদ্যোগী হোক না কেন, অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে কঠিন ও কষ্টকর সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হলে সেটি নেওয়া রাজনৈতিক সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই 'বার্তা' প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। চালুর আগে বিভিন্ন পর্যায়ে এর নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা হয়েছে। এ প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য ব্যবসায়ী ও ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি।
গভর্নর বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে ঋণপত্র খোলা, অর্থায়ন এবং আর্থিক লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের সুফল শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য, যাতে তারা তুলনামূলক কম দামে পণ্য ও সেবা পেতে পারেন।
এদিকে ব্যবসায়ীদের অর্থায়ন ব্যয় কমাতে নীতি সুদহার আরও হ্রাসের সম্ভাবনার কথাও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, ইতোমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভবিষ্যতে সুদহার আরও কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
Comments