ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। এতে পুরো আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ জনতা ঘটনাস্থল থেকে রাজীব ঘোষ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এ ঘটনা প্রসঙ্গে ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আইনজীবীরা এ ধরনের অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, এর আগেও গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় স্থানীয় জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং পরদিন সূত্রাপুর থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে।
Comments