পতিত ফ্যাসিস্টের সঙ্গে সংশ্লিষ্ট বিচারপতিদের সতর্ক করলেন বিএনপি নেতা অ্যাডভোকেট সজল
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
তিনি বলেছেন, 'আমরা যদি ইশারা দিই, আদালত চত্বর তো দূরের কথা, বাসায় পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না।' বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সজলের অভিযোগ, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি এখনো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের ঘনিষ্ঠ হিসেবে বিচারাঙ্গনে সক্রিয় রয়েছেন। তারা প্রায় প্রতিদিন বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে গোপন বৈঠকে বসেন।
সমাবেশে সজল বলেন, 'শর্ষের মধ্যে ভূত রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বারবার দাবি করে আসছে, বিচারাঙ্গনে এখনো শেখ হাসিনার দোসর কিছু বিচারপতি রয়েছেন।'
বিচারপতিদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আপনাদের আপা হেলিকপ্টারে করে পালিয়েছেন। আপনারা কিন্তু নৌকা, রিকশা কোনোটাই পাবেন না।'
সজল দাবি করেন, গত ১৭ বছর ধরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিচারাঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কথা বলে আসছে। বর্তমানে তাদের দল ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট বিচারপতিদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দেন।
তবে যেসব বিচারপতির বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ তোলা হয়েছে, তাদের নাম প্রকাশ করেননি সজল। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়, সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিচারপতিদের বক্তব্যও পাওয়া যায়নি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলীসহ কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।
এ সময় এম বদরুদ্দোজা বাদল দেশে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহত করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Comments