দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন
রাজধানীতে আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলবাড়িয়ায় বঙ্গবাজারের পাশের এলাকায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ৯ নভেম্বর মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা এবং পরিবারকল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
ফুলবাড়িয়ায় বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতাল চালু রয়েছে। হাসপাতালটির এক কর্মকর্তার ভাষ্য, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মেডিকেল কলেজ চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, শুরুতে সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় প্রতিষ্ঠানটির জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মেডিকেল কলেজটি চালু হলে দেশে সরকারি চিকিৎসাশিক্ষার পরিসর আরও বাড়বে। বর্তমানে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৭২টি।
Comments