সরকারি সহায়তায় নিরাপদ আশ্রয়ের ঠিকানা পেলেন আব্দুল বারী
জীবনের দীর্ঘ পথ পেরিয়ে বার্ধক্যের শেষ প্রান্তে এসে অবশেষে নিরাপদ আশ্রয়ের ঠিকানা পেলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের শতবর্ষী আব্দুল বারী।
সরকারি সহায়তায় তাঁর জন্য নির্মাণ করা হয়েছে একটি পাকা বাড়ি। বাড়িতে রয়েছে শোবার ঘর, রান্নাঘর ও বাথরুম। পাশাপাশি সংসার পরিচালনার জন্য দেওয়া হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী। দীর্ঘদিনের অভাব-অনটন আর অনিশ্চয়তার জীবনে নতুন এই বাড়ি তাঁর কাছে যেন এক নতুন স্বস্তির নাম।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী আব্দুল বারীর বয়স ৯৯ বছর। তবে তাঁর নিজের দাবি, বয়স পেরিয়েছে ১১৫ বছর। কবিখালী গ্রামের তেলেমপাড়ার এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে আসছিলেন। জীবিকার তাগিদে মানুষের ভাঙা হাঁড়ি-পাতিল মেরামত করে সামান্য যে আয় করতেন, তা দিয়েই কোনোমতে চলত তাঁর সংসার। বয়সের ভারে ন্যুব্জ শরীর নিয়ে প্রতিনিয়ত জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন তিনি। ছিল না নিরাপদ ও বসবাসের উপযোগী স্থায়ী আবাসন।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আব্দুল বারীর অসহায়ত্ব ও দুর্দশার চিত্র প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের। তাঁর পারিবারিক ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় জেলা ও উপজেলা প্রশাসন। প্রথমে তাঁর কাছে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে নিরাপদ আবাসন ও সংসারের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সেই উদ্যোগের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় আব্দুল বারীর জন্য নির্মাণ করা হয় একটি পাকা বাড়ি। এতে রয়েছে একটি শোবার ঘর, একটি রান্নাঘর ও একটি বাথরুম। বাড়ির পাশাপাশি তাঁর দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজন বিবেচনায় নিয়ে সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রী।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নবনির্মিত বাড়িটির উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন।
বাড়ি হস্তান্তরকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবারটির অসহায় অবস্থার বিষয়টি জানার পর শতবর্ষী এই প্রবীণের বাকি জীবন যেন কিছুটা স্বস্তি ও নিরাপত্তার মধ্যে কাটে, সেই চিন্তা থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারটির বিষয়ে জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেন। পরে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো আবাসনসংকট দূর করা, জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসবাসের উপযোগী স্থায়ী আশ্রয় নিশ্চিত করা।
দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার পর জীবনের শেষ প্রান্তে এসে সরকারি সহায়তায় পাকা বাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আব্দুল বারী। তাঁর কাছে এই বাড়ি কেবল বসবাসের একটি জায়গা নয়, বরং জীবনের বাকি সময়টুকু নিরাপদে ও কিছুটা নিশ্চিন্তে কাটানোর নতুন আশ্রয়। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সমাজের অন্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশেও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হবে।
Comments