আদালতের রায়ে জমির দখল বুঝে পেলেন আক্কাস বিশ্বাস
ফরিদপুরে আদালতের রায় ও ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে। আদালতের নির্দেশনায় ঢাকঢোল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে জমির দখল বুঝে পেয়েছেন মো. আক্কাস বিশ্বাস।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ডোমরাকান্দি এলাকায় আদালতের এ কার্যক্রম পরিচালিত হয়।
ফরিদপুরের সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মো. সালাউদ্দিনের দেওয়া রায় ও ডিক্রি অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আদালতের নির্দেশনায় অ্যাডভোকেট কমিশনার জুনায়েদ বিন নাসির জমি পরিমাপ করেন। পরে আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম নির্ধারিত সীমানা অনুযায়ী মো. আক্কাস বিশ্বাসকে জমির দখল বুঝিয়ে দেন।
এ সময় আদালতের নাজির, অ্যাডভোকেট কমিশনার এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জমি পরিমাপ ও দখল হস্তান্তরের বিষয়ে অ্যাডভোকেট কমিশনার জুনায়েদ বিন নাসির বলেন, "আদালতের নির্দেশে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে আজ নালিশি জমি পরিমাপ করা হয়েছে। আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করে সীমানা নির্ধারণের পর ডিক্রিধারীকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।"
আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম বলেন, "দেওয়ানি জারি মামলার ডিক্রি বাস্তবায়নে আদালতের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। উভয় পক্ষের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।"
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে জমির দখল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মো. আক্কাস বিশ্বাস। তিনি বলেন, "বছরের পর বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি। আজ আদালতের মাধ্যমে আমার হক ফিরে পেয়েছি। ঢাকঢোল বাজিয়ে এই দখল পাওয়ার মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা ও হয়রানির অবসান ঘটল। আমি ন্যায়বিচার পেয়ে অত্যন্ত আনন্দিত ও স্বস্তিবোধ করছি।"
আদালতের নথি সূত্রে জানা যায়, দেওয়ানি জারি মামলা নম্বর ১৪/২০২২-এর রায় ও ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে জমির দখল হস্তান্তরের এ কার্যক্রম পরিচালিত হয়। আদালতের মাধ্যমে ঢাকঢোল বাজিয়ে জমির দখল বুঝে পাওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
Comments