আ. লীগকে তথ্য দেওয়ার অভিযোগে এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মামলায় চার দিনের রিমান্ডে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি আজ মঙ্গলবার প্রকাশ্যে আসে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগে এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯ (২) ধারা অনুযায়ী গত ১৪ নভেম্বর থেকেই তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Comments