আত্মহত্যা নয়, কারাগারে খুন হয়েছিলেন যৌন নিপীড়ক জেফরি এপস্টিন: বিশেষজ্ঞদের দাবি
কুখ্যাত মার্কিন যৌন নিপীড়ক ও ধনকুবের জেফরি এপস্টিন আত্মহত্যা করেননি, তাঁকে কারাবন্দী অবস্থায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল—এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আন্তর্জাতিক একদল ফরেনসিক বিশেষজ্ঞ। লন্ডনে প্রকাশিত নতুন একটি গবেষণাপত্রে এই তথ্য তুলে ধরা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সরকারি তদন্তের রিপোর্টের সম্পূর্ণ বিপরীত।
নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ের আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ সালের ১০ আগস্ট মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের সেলে এপস্টিন আত্মহত্যা করেছিলেন। তবে বর্তমান এই নতুন দাবি বিষয়টিকে নতুন মোড় দিয়েছে।
নতুন গবেষণায় কী বলা হয়েছে?
লন্ডনে উপস্থাপন করা ওই গবেষণাপত্রের গবেষক দলে রয়েছেন—ফরেনসিক মেডিসিন এপিডেমিওলজির গবেষক ও পরামর্শক মাইকেল ফ্রিম্যান, সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ফরেনসিক প্যাথলজির অধ্যাপক আন্দেরস এরিকসন এবং কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট ইতিয়েল দ্রোর।
গবেষকদের দাবি, এপস্টিনকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যাওয়ার কোনো জোরালো ও গ্রহণযোগ্য প্রমাণ নেই। বরং তাঁর গলায় যে ফাঁসের দাগ বা জখম পাওয়া গেছে, তা পেছন থেকে শ্বাসরোধ করে হত্যার (Strangulation) ঘটনার সঙ্গেই সবচেয়ে বেশি মিলে যায়। এক্ষেত্রে সম্ভবত গিঁট দেওয়া কোনো সরু কাপড় ব্যবহার করা হয়েছিল।
ময়নাতদন্তের নথি ও ঘটনার সামগ্রিক তথ্য পুনরায় বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, এপস্টিনের শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তা মারধর বা ধস্তাধস্তির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাঁর পুরো শরীর প্রায় সম্পূর্ণ অক্ষত থাকলেও গলায় ফাঁসের দাগ ছাড়া অন্য কোনো কারণে সৃষ্ট কালশিটে বা আঘাতের চিহ্ন ছিল না।
এদিকে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল—তাদের আগের এই সিদ্ধান্তে তারা এখনো 'অটল' রয়েছে।
এপস্টিনের অপরাধ ও মামলার পটভূমি
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের (এমনকি ১৪ বছর বয়সী কিশোরীদেরও) যৌন পাচারের একটি বিশাল চক্র পরিচালনা করার অভিযোগ ছিল এপস্টিনের বিরুদ্ধে। নিউইয়র্কের আপার ইস্ট সাইডের বাড়ি এবং পাম বিচে নিজস্ব এস্টেটে তাদের যৌন সম্পর্ক স্থাপনের জন্য কয়েক শ ডলার নগদ অর্থ দেওয়া হতো। ২০১৯ সালে এসব চাঞ্চল্যকর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
কারাগারে আত্মহত্যা ঠেকাতে তাঁকে সে সময় বিশেষ নজরদারিতে রাখার কথা থাকলেও, রহস্যজনকভাবে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এপস্টিনের মৃত্যুর পর এর কারণ অনুসন্ধানে এফবিআই এবং বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় তদন্ত চালালেও জনমনে সংশয় কাটেনি।
গত এক বছরে আদালতের আদেশে এপস্টিন-সংক্রান্ত বিপুল পরিমাণ নথি জনসমক্ষে এসেছে। বিশেষ করে, ২০২৫ সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ক আইন পাস হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাখ লাখ নথি প্রকাশ করতে বাধ্য হয়।
এসব নথিতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, ধনকুবের, বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা এবং প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে এপস্টিনের বিতর্কিত ও অস্বস্তিকর সম্পর্কের তথ্য ফাঁস হয়, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
বিজ্ঞানীদের বক্তব্য
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরেনসিক বিজ্ঞানী মাইকেল ফ্রিম্যান স্পষ্ট করেছেন যে, এপস্টিনকে কে বা কারা হত্যা করেছে, সে বিষয়ে তাদের কোনো নির্দিষ্ট ধারণা বা আগ্রহ নেই। তাদের মূল মনোযোগ ছিল আগের ময়নাতদন্তের প্রতিবেদনে যেসব অসঙ্গতি ও গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা হয়েছে, সেগুলোর ওপর আলো ফেলা।
বিজ্ঞানীর ভাষায়, 'আমরা শুধু এটিই খতিয়ে দেখতে চেয়েছি যে, পুরো বিষয়টি কীভাবে এত এলোমেলো ও ত্রুটিপূর্ণভাবে উপস্থাপন করা হলো।' এই নতুন গবেষণা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা ও এপস্টিনের মৃত্যু নিয়ে চলা দীর্ঘদিনের রহস্য ও ষড়যন্ত্র তত্ত্বের আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে।
Comments