ইউনূস সরকারের ১৮ মাসে অর্থনীতিতে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকার ক্ষতি: নতুন গবেষণা
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১০ থেকে ১৪ লাখ কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ৮০ থেকে ১১২ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের শিক্ষকসহ চারজন গবেষকের করা ৩০০ পৃষ্ঠার একটি হোয়াইট পেপারে এই তথ্য উঠে এসেছে। গবেষণার শিরোনাম— 'Counting the Economic Cost: A Whitepaper on Bangladesh under the Yunus-led Interim Regime'। এতে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, টাকার এই অঙ্কটি এতটাই বড় যে তা পদ্মা সেতুর মতো প্রায় ৩০ থেকে ৪৫টি সেতু কিংবা মেট্রোরেলের মতো প্রায় ৩০ থেকে ৪০টি প্রকল্পের ব্যয়ের সমান। তবে গবেষকরা উল্লেখ করেছেন যে, এর পুরোটা সরাসরি আর্থিক ক্ষতি নয়; এর সঙ্গে সম্ভাব্য বিনিয়োগ, উৎপাদন এবং অর্থনৈতিক সুযোগ হারানোর হিসাবও যুক্ত রয়েছে।
খাতভিত্তিক ক্ষতির বিবরণ
গবেষণায় অর্থনীতির বিভিন্ন খাতে ক্ষতির যে প্রাক্কলন দেখানো হয়েছে, তা নিচে দেওয়া হলো:
ব্যাংকিং ও আর্থিক খাত: প্রায় ৩২ থেকে ৪২ বিলিয়ন ডলার।
অর্থনৈতিক অব্যবস্থাপনা: প্রায় ২৮ থেকে ৩৮ বিলিয়ন ডলার।
বেসরকারি বিনিয়োগ ও ব্যবসায়িক অবকাঠামো: প্রায় ১২ থেকে ১৯ বিলিয়ন ডলার।
প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ: প্রায় ৫ থেকে ৯ বিলিয়ন ডলার।
সামাজিক ও অন্যান্য খাত: প্রায় ৩ থেকে ৫ বিলিয়ন ডলার।
এর বাইরেও জ্বালানি ক্রয়, অবকাঠামো প্রকল্প এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি চুক্তির কারণে ভবিষ্যতে আরও প্রায় ১৬ থেকে ৩০ বিলিয়ন ডলারের আর্থিক দায় তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এই সম্ভাব্য দায় আগের ক্ষতির হিসাবে যুক্ত করা হয়নি।
যে চারজন শিক্ষক ও গবেষক এই প্রতিবেদনটি তৈরি করেছেন তাঁরা হলেন: যুক্তরাজ্যে আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ের শিক্ষক ড. মামুনুর রশিদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের শিক্ষক ড. সংগীতা গাজী । বিপণন ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক গবেষক অধ্যাপক বিদিত এল. দে এবং ড. তাশফিন হুসেইন, করপোরেট ফাইন্যান্স ও আর্থিক বাজার নিয়ে গবেষক। গবেষণায় বাংলাদেশ ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, সরকারি পরিসংখ্যান এবং বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
Comments