ব্যয় বৃদ্ধির চাপে বাংলাদেশের ব্যবসা, তবু আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আশাবাদী ৯১ শতাংশ ব্যবসায়ী
জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি, বাড়তি পরিচালন ব্যয় এবং চলতি মূলধনের চাহিদার নানা চাপে রয়েছে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য খাত। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশের অধিকাংশ ব্যবসায়ী। এই সংকট ও সম্ভাবনার চিত্র উঠে এসেছে এইচএসবিসির 'গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬'-এর বাংলাদেশবিষয়ক তথ্যে।
জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে ব্যবসায়িক ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে। আগামী দুই বছরেও এই ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ৭৬ শতাংশ ব্যবসায়ী। ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উঠে এসেছে জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি। দেশের ৫০ শতাংশ ব্যবসায়ীর কাছে জ্বালানি খরচ ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ৪৯ শতাংশ ব্যবসায়ী কাঁচামালের দাম বৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে প্রতিষ্ঠানগুলোর নগদ অর্থপ্রবাহ ও পরিচালন সক্ষমতায়। জরিপে দেখা গেছে, ২০২৫ সালের পর থেকে ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের চলতি মূলধনের চাহিদা বেড়েছে। অর্থাৎ ব্যবসার দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে প্রতিষ্ঠানগুলোকে আগের তুলনায় বেশি অর্থ বিনিয়োগ করতে হচ্ছে।
তবে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে ব্যবসায়ীরা কৌশলগত পরিবর্তনও আনছেন। সরবরাহব্যবস্থা পুনর্বিন্যাস, উৎপাদন কার্যক্রম দেশে ফিরিয়ে আনা এবং বিকল্প উৎস থেকে কাঁচামাল সংগ্রহের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানগুলো। জরিপে ৫৫ শতাংশ প্রতিষ্ঠান উৎপাদন ও সরবরাহ কার্যক্রম দেশে ফিরিয়ে আনা বা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। এ ক্ষেত্রে বৈশ্বিক গড় ৩৬ শতাংশ। পাশাপাশি ৫৭ শতাংশ প্রতিষ্ঠান চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস ও বাজার খুঁজছে। এটি বৈশ্বিক সরবরাহব্যবস্থার পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের খাপ খাইয়ে নেওয়ার প্রবণতাও তুলে ধরে।
ব্যয় বৃদ্ধির এমন চাপের মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ব্যবসায়ীদের আশাবাদ উল্লেখযোগ্য। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী দেশের ৯১ শতাংশ ব্যবসায়ী। তাঁদের মধ্যে ৫৬ শতাংশই খুব আত্মবিশ্বাসী। অর্থাৎ বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ থাকলেও বৈশ্বিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন অধিকাংশ উদ্যোক্তা।
ঝুঁকি মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কার্যকারিতাও আশাবাদের পেছনে ভূমিকা রাখছে। জরিপে ৯০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ঝুঁকি মোকাবিলায় তাদের নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে। অন্যদিকে ৮১ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, এসব পদক্ষেপের ফলে নগদ অর্থপ্রবাহ ও চলতি মূলধনের অবস্থার উন্নতি হয়েছে।
এদিকে ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। বাংলাদেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার শুরু করেছে। উৎপাদন, সরবরাহ ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করছে।
সব মিলিয়ে এইচএসবিসির জরিপে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের দুটি বিপরীত চিত্র উঠে এসেছে। একদিকে জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধিসহ পরিচালন ব্যয়ের চাপ ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সরবরাহব্যবস্থায় পরিবর্তন, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, এআইয়ের ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উচ্চ আশাবাদ নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এখন এই আশাবাদকে বাস্তব প্রবৃদ্ধিতে রূপ দিতে ব্যয় নিয়ন্ত্রণ, অর্থায়ন সহজ করা এবং ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোই হবে গুরুত্বপূর্ণ বিষয়।
Comments