রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, ৬২ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার দুপুর থেকে ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ওমর ছানিকে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এ ছাড়া পৃথক অভিযানে গত শুক্রবার দিবাগত রাতে লালবাগ এলাকা থেকে সুমন চৌধুরী নামের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক সদস্য এবং শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে আবুল হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ২৩ জন এবং উত্তরা বিভাগে ৫১ জন রয়েছেন।
Comments