জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে পর্যাপ্ত অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা এবং পর্যাপ্ত অর্থায়নের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত 'পলিসি টু প্র্যাকটিস-স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স : বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রম আরও কার্যকরভাবে সমন্বয় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। এই উইং পরিবেশ মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি তিনি জেন্ডারভিত্তিক পৃথক তথ্য-উপাত্ত সংগ্রহ এবং জলবায়ু অর্থায়নে নারীদের কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার তাগিদ দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী। তিনি জানান, বাংলাদেশ ২০২৪ সালে 'জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি)' গ্রহণ করেছে এবং এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করা হয়েছে।
ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম বিশেষজ্ঞ দিলরুবা হায়দার-এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন—
-
পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ ও যুগ্ম সচিব ধরিত্রী কুমার সরকার
-
ইউএন উইমেন সদর দপ্তরের নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো
-
ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল
-
অ্যারো-এর জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নিকা কাস্তিলো
আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযোজন কার্যক্রমে তাদের চাহিদা ও অগ্রাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জেন্ডার-সংবেদনশীল জলবায়ু সুশাসন প্রতিষ্ঠায় সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
Comments