১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অপব্যবহার, বৈশ্বিক ভূরাজনৈতিক অচলাবস্থা এবং ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পুরোনো রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান বিশ্বব্যবস্থা এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31)-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'টিআরটি ওয়ার্ল্ড'-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান 'ওয়ান অন ওয়ান'-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিরাপত্তা পরিষদ সংস্কার, রোহিঙ্গা গণহত্যার বিচার এবং বিশ্বসংস্থার মাঠপর্যায়ের কার্যকারিতা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সাক্ষাৎকারে ড. খলিলুর রহমান উল্লেখ করেন, জাতিসংঘ সনদের ১৯৪৫ সালের মূল কাঠামোর সঙ্গে আজকের পরিবর্তিত পৃথিবীর আকাশ-পাতাল তফাত রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উক্তি 'বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়'—এর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৯৪৫ সালের পর বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন ও কাঠামো এখনো আগের মতোই রয়ে গেছে।
বিশেষ করে আফ্রিকা মহাদেশকে এতদিন ধরে সিদ্ধান্ত গ্রহণের বাইরে রাখার ঐতিহাসিক বৈষম্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, "বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক অন্যায় ও বৈষম্যের শিকার আফ্রিকা মহাদেশ। নিরাপত্তা পরিষদ আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে অসংখ্য বড় সিদ্ধান্ত গ্রহণ করে, অথচ সেই সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আফ্রিকার কোনো স্থায়ী প্রতিনিধিত্ব থাকে না। আমার স্পষ্ট বার্তা হলো—আফ্রিকাকে সিদ্ধান্তের টেবিলে থাকতে হবে, তারা কোনো মেনু হতে পারে না।"
তিনি জানান, সাধারণ পরিষদ সভাপতি হিসেবে নিরাপত্তা পরিষদ সংস্কারসংক্রান্ত আন্তঃসরকার আলোচনার সমন্বয় সাধনের জন্য তিনি ইতিমধ্যেই কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন এবং নিজের মেয়াদের মধ্যেই এতে একটি দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছেন।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সদস্য রাষ্ট্রগুলোর জবাবদিহিতা প্রসঙ্গে ড. খলিলুর রহমান জানান, রোহিঙ্গা গণহত্যার ন্যায়বিচারের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী ১৯ নভেম্বর জাম্বিয়া বনাম মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা মামলার বিষয়ে আইসিজে অতি গুরুত্বপূর্ণ রায় বা সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জাতিসংঘের কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে চলা সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘকে বিলুপ্ত করার কথা যারা ভাবেন, তাঁরা ভুল ভাবছেন; কারণ আজ জাতিসংঘকে বিলুপ্ত করলে আগামীকালই বিশ্বশান্তির স্বার্থে আবার নতুন করে জাতিসংঘ তৈরি করতে হতো। মাঠপর্যায়ে জাতিসংঘের প্রকৃত অবদান তুলে ধরে তিনি নিজের বাংলাদেশ ও কঙ্গো সফরের অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি স্মরণ করেন, অতীতে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় তীব্র অর্থসংকট সত্ত্বেও জাতিসংঘের কান্ট্রি টিম স্থানীয় জনবল ও রোহিঙ্গা যুবকদের সম্পৃক্ত করে অত্যন্ত সফলভাবে মানবিক সহায়তা অব্যাহত রেখেছিল।
জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন রোধ এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন সহজলভ্য করতে সমস্ত প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে এক ছাতার নিচে আনার একমাত্র বৈশ্বিক প্ল্যাটফর্ম হলো জাতিসংঘ। এছাড়া জাতিসংঘের নতুন মহাসচিব নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে মহাসচিব নিয়োগ নিশ্চিত করে থাকে।
Comments