হিমু, মিসির আলী আর বাকের ভাইয়ের স্রষ্টা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
হঠাৎ রাস্তায় হলুদ পাঞ্জাবি পরা কোনো তরুণকে দেখলে আজও কারও কারও মনে পড়ে যায় হিমুর কথা। মোটা ফ্রেমের চশমা পরা শান্ত, নির্লিপ্ত কোনো মানুষকে দেখলে মনে পড়ে শুভ্রকে। আর জীবনের কোনো জটিল রহস্যের সামনে দাঁড়ালে মনে পড়ে যুক্তিবাদী মিসির আলীর কথা। টেলিভিশনের পর্দায় একসময় যাঁর ফাঁসি ঠেকাতে রাস্তায় নেমেছিলেন হাজারো দর্শক, সেই বাকের ভাইও যেন এখনো বেঁচে আছেন মানুষের স্মৃতিতে।
চরিত্রগুলো কাল্পনিক হলেও তাদের প্রতি মানুষের ভালোবাসা বাস্তব। আর এই ভালোবাসার জাদুকর যিনি, তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ ১৩ নভেম্বর তাঁর ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই বহুমাত্রিক স্রষ্টা। তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করা মানে শুধু একজন জনপ্রিয় লেখককে স্মরণ করা নয়; বরং এমন একজন মানুষকে ফিরে দেখা, যিনি কয়েক দশক ধরে একটি জাতির পাঠাভ্যাস, বিনোদন, কল্পনা ও সাংস্কৃতিক রুচিতে গভীর প্রভাব রেখে গেছেন।
বিজ্ঞানী হওয়ার পথ থেকে গল্পের জগতে
হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমদ ছিলেন পুলিশ কর্মকর্তা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তিনি শহীদ হন। মা আয়েশা ফয়েজের স্নেহ ও পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা হুমায়ূনের শৈশব-কৈশোরের অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর সাহিত্যকর্মেও নানামাত্রায় প্রতিফলিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি অর্জন করেন। একজন মেধাবী বিজ্ঞানী হিসেবে তাঁর সামনে গবেষণা ও শিক্ষকতার বিস্তৃত সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত মানুষের জীবন, মনস্তত্ত্ব, সম্পর্ক ও অনুভূতির জগৎই হয়ে ওঠে তাঁর প্রধান বিচরণক্ষেত্র। মজার বিষয়, তাঁর নিজের স্বপ্ন ছিল কবি হওয়ার। কবিতা দিয়ে শুরু না হলেও তাঁর গদ্যের ভেতর যে কাব্যিকতা, প্রকৃতির প্রতি যে মুগ্ধতা, জোছনা-বর্ষা-নদী-নিঃসঙ্গতার যে অনন্য বর্ণনা, তাতে সেই স্বপ্নের ছায়া খুঁজে পাওয়া যায়।
১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'নন্দিত নরকে'। প্রথম বই দিয়েই তিনি বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। এরপর 'শঙ্খনীল কারাগার' তাঁকে পাঠকের আরও কাছে নিয়ে যায়। একের পর এক উপন্যাস, গল্প ও অন্যান্য রচনার মধ্য দিয়ে গড়ে ওঠে এক বিশাল সাহিত্যভুবন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে 'জোছনা ও জননীর গল্প', 'মধ্যাহ্ন', 'কোথাও কেউ নেই', 'দেয়াল', 'মেঘ বলেছে যাব যাব', 'কৃষ্ণপক্ষ', 'আগুনের পরশমণি', 'বহুব্রীহি', 'শ্রাবণ মেঘের দিন', 'বৃষ্টিবিলাস', 'অপরাহ্ণ', 'মাতাল হাওয়া' ও 'বাদশাহ নামদার'। সাহিত্য, কিশোর উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনি মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা তিন শতাধিক।
যে চরিত্রগুলো বইয়ের মলাট ছাড়িয়ে গেছে
হুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতার অন্যতম বড় শক্তি মানুষের চরিত্র নির্মাণ। হিমু, মিসির আলী, শুভ্র কিংবা রূপা—এরা কেবল উপন্যাসের চরিত্র নয়, পাঠকের কল্পনার জগতে স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা কিছু নাম। হলুদ পাঞ্জাবি পরা হিমু প্রচলিত সামাজিক নিয়ম, হিসাব-নিকাশ ও জীবনের প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্ন করতে শেখায়। তার ভবঘুরে জীবন, অদ্ভুত আচরণ ও সহজাত পর্যবেক্ষণ তরুণ পাঠকদের কাছে তাকে আকর্ষণীয় করে তুলেছে।
অন্যদিকে মিসির আলী যুক্তি, মনস্তত্ত্ব ও বিশ্লেষণী চিন্তার মাধ্যমে মানুষের আচরণ এবং রহস্যের গভীরে পৌঁছাতে চান। শুভ্র চরিত্রে রয়েছে সরলতা, সংবেদনশীলতা ও একধরনের নিষ্পাপ সৌন্দর্য। আর রূপা যেন ভালোবাসা, অপেক্ষা ও না-পাওয়ার এক চিরচেনা নাম। এই চরিত্রগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা আমাদের অচেনা কেউ নয়। তাদের হাসি-কান্না, অভিমান, দ্বিধা, একাকিত্ব ও ভালোবাসার মধ্যে আমরা নিজেদের কিংবা আশপাশের মানুষের ছায়া দেখতে পাই।
মধ্যবিত্ত পাঠকদের বইয়ের জগতে নিয়ে আসা
হুমায়ূন আহমেদের সাহিত্য প্রতিভার অন্যতম দিক হচ্ছে তাঁর সহজ, সাবলীল ভাষা ও সংলাপ নির্মাণের অসাধারণ দক্ষতা। বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবন, সম্পর্কের টানাপোড়েন, অর্থনৈতিক সংকট, প্রেম, বিরহ, হাসি-কান্না এবং ছোট ছোট স্বপ্নকে তিনি এমনভাবে তুলে ধরেছেন, যা পাঠকের কাছে অত্যন্ত পরিচিত আর আপন মনে হয়। তাঁর গল্পে খুব বড় কোনো ঘটনা না ঘটলেও পাঠক আটকে থাকেন। কখনো একটি সাধারণ কথোপকথন, কখনো বৃষ্টির দিনে জানালার পাশে দাঁড়িয়ে থাকা কোনো চরিত্র, আবার কখনো পরিবারের সদস্যদের ছোটখাটো অভিমানই হয়ে ওঠে গল্পের মূল আকর্ষণ। হাস্যরস ছিল তাঁর লেখার অন্যতম শক্তি। তবে সেই হাসির আড়ালে প্রায়ই লুকিয়ে থাকত বিষাদ, নিঃসঙ্গতা ও জীবনের গভীর কোনো সত্য।
তাঁর সাহিত্য নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। কেউ কেউ তাঁর লেখাকে অতিরিক্ত জনপ্রিয়তানির্ভর, সহজপাঠ্য কিংবা সাহিত্যিক গভীরতায় হালকা মানের লেখা বলে মনে করেছেন। সাহিত্য সমালোচক হুমায়ুন আজাদও তাঁর সাহিত্য সম্পর্কে কঠোর সমালোচনা করেছিলেন। তবে জনপ্রিয়তা ও সাহিত্যিক মূল্য এক বিষয় নয়—এই যুক্তি মেনে নিয়েও হুমায়ূন আহমেদের অবদানকে এককথায় অস্বীকার করা যায় না। কারণ, তাঁর হাত ধরে অসংখ্য মানুষ বই পড়তে শুরু করেছেন। বিশেষ করে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে একুশে বইমেলায় তাঁর বই ঘিরে তরুণ পাঠকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা বাংলাদেশের প্রকাশনা শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। বইবিমুখ একটি প্রজন্মকে বইয়ের কাছে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
মুক্তিযুদ্ধ, ভাটি বাংলা ও লোকজীবনের গল্প
হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সমাজবাস্তবতার উপস্থাপন। তাঁর বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন। ফলে মুক্তিযুদ্ধ তাঁর ব্যক্তিগত স্মৃতি ও জীবনবোধেরও গুরুত্বপূর্ণ অংশ। 'জোছনা ও জননীর গল্প', 'আগুনের পরশমণি', 'শ্যামল ছায়া'সহ বিভিন্ন রচনায় মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানুষের ত্যাগ, ভালোবাসা ও বেঁচে থাকার সংগ্রাম উঠে এসেছে। একই সঙ্গে তাঁর লেখায় বিশেষভাবে জায়গা পেয়েছে জন্মভূমি নেত্রকোনাসহ ভাটি অঞ্চলের প্রকৃতি, মানুষ ও লোকজীবন। নগরজীবনের মধ্যবিত্ত পরিবার যেমন তাঁর গল্পের গুরুত্বপূর্ণ অংশ, তেমনি গ্রামীণ মানুষের জীবন, লোকসংস্কৃতি, হাওর, নদী ও প্রকৃতিও তাঁর সৃষ্টিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
টেলিভিশন নাটকের তুমুল জনপ্রিয়তা
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকেও হুমায়ূন আহমেদ তৈরি করেছিলেন এক নতুন দর্শকসমাজ। আশির দশক থেকে তাঁর নাটক বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায়। 'এইসব দিনরাত্রি', 'বহুব্রীহি', 'অয়োময়', 'কোথাও কেউ নেই', 'নক্ষত্রের রাত' ও 'আজ রবিবার' আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, অদ্ভুত স্বভাবের মানুষ, পারিবারিক সম্পর্কের জটিলতা কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা তাঁর নাটকে হয়ে উঠত বিনোদনের অসাধারণ উপাদান।
'কোথাও কেউ নেই' নাটকের বাকের ভাই চরিত্রটি বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে এক অনন্য ঘটনা। আসাদুজ্জামান নূরের অভিনয়ে চরিত্রটি এতটাই জীবন্ত হয়ে উঠেছিল যে নাটকের কাহিনিতে বাকের ভাইয়ের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দর্শক। তাঁর ফাঁসির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন অনেকে; বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভও হয়েছিল। একটি কাল্পনিক চরিত্রের জন্য বাস্তব মানুষের এমন আবেগ ও প্রতিবাদ বিশ্ব নাটকের ইতিহাসে এক বিরল অভিজ্ঞতা। এখানেই নাট্যকার হুমায়ূন আহমেদের সার্থকতা।
চলচ্চিত্রেও স্বতন্ত্র নির্মাণশৈলী
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও হুমায়ূন আহমেদ নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন তাঁর প্রথম চলচ্চিত্র 'আগুনের পরশমণি'। এরপর 'শ্রাবণ মেঘের দিন', 'দুই দুয়ারী', 'চন্দ্রকথা', 'শ্যামল ছায়া', 'আমার আছে জল' এবং 'ঘেটুপুত্র কমলা'র মতো চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর চলচ্চিত্রে গল্পের পাশাপাশি প্রকৃতি, সংগীত, লোকজীবন ও মানুষের আবেগ বিশেষ গুরুত্ব পেয়েছে। 'শ্রাবণ মেঘের দিন'-এর গান 'একটা ছিল সোনার কন্যা' বা 'লীলাবালি লীলাবালি' ছাড়াও আরও অনেক গান এবং গানের শিল্পীরা তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া 'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রে তিনি হাওর অঞ্চলের একটি হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরেছেন। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি অর্জন করে।
স্বীকৃতি, শেষ অধ্যায় ও নুহাশপল্লী
সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন হুমায়ূন আহমেদ। চলচ্চিত্র নির্মাণেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা। ২০১১ সালে তাঁর শরীরে মলাশয়ের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে যেতে হয়। দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পর ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গাজীপুরের পিরুজালীতে নিজের গড়ে তোলা নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
কোনো লেখকই সমালোচনার ঊর্ধ্বে নন, হুমায়ূন আহমেদও নন। কিন্তু একটি দেশের কয়েক প্রজন্মের পাঠাভ্যাস ও রুচিবোধ তৈরিতে যিনি এত গভীর ছাপ রেখে যেতে পারেন, তাঁর গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। সময় বদলাবে, পাঠকের রুচি বদলাবে, নতুন লেখক আসবেন; কিন্তু বাংলা সাহিত্যের জনপ্রিয়তার ইতিহাসে হুমায়ূন আহমেদের নাম আলাদা করেই উচ্চারিত হবে। কিছু মানুষ তাঁদের জীবদ্দশায় জনপ্রিয় হন, আর কিছু মানুষ তাঁদের সৃষ্ট চরিত্রের মধ্য দিয়ে মৃত্যুর পরও বেঁচে থাকেন। হুমায়ূন আহমেদ সেই বিরল মানুষদের একজন।
শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ।
Comments