চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যয় বাড়ল ৭৯৪ কোটি
চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় আরও বেড়েছে। এবার প্রকল্পটির ব্যয় ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার ১২ নভেম্বর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটির দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
দ্বিতীয় দফায় ব্যয় বৃদ্ধির পর প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৭০ লাখ টাকা। এতে মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ৭৯৪ কোটি টাকা বা ২৯ দশমিক ১৮ শতাংশ।
অর্থাৎ, শুরুতে যে প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৭২০ কোটি টাকা, তা বেড়ে এখন সাড়ে ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবের আওতায় নতুন করে ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় বাড়ানো হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ম্যাক্স-র্যাঙ্কেন (জেভি)।
প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। প্রথম দফায় ভেরিয়েশনের মাধ্যমে ব্যয় বাড়িয়ে তা ৩ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮৫১ টাকা করা হয়। এবার দ্বিতীয় দফায় আরও ব্যয় বাড়ানোর ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। সব মিলিয়ে মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বাস্তবায়নাধীন এই প্রকল্পের নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০১৭ সালে প্রকল্পটি অনুমোদনের সময় এর সার্বিক ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ২৫০ কোটি টাকা। তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ৯ বছরে আর দিন দিন প্রকল্পের ব্যয় ফুলেফেঁপে উঠছে।
প্রকৌশল খাতের বিশ্লেষকরা বলছেন, সরকারি প্রকল্পে কম দরে কাজ বাগিয়ে নিয়ে পরে 'ভেরিয়েশন'এর ফাঁদ পেতে ব্যয় বাড়ানো একটি পুরোনো সিন্ডিকেট কৌশল। এ প্রকল্পেও তার ব্যতিক্রম ঘটেনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সিডিএ'র সাবেক এক প্রকৌশলী বলেন, "শুরুতে অপরিকল্পিত নকশা ও ত্রুটিপূর্ণ সমীক্ষার কারণে মাঠপর্যায়ে পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে। যার মাশুল একের পর এক ভেরিয়েশন আর সরকারকে দিতে হচ্ছে বাড়তি কয়েক গুণ টাকা।
সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি খরচ করে নির্মিত এই এক্সপ্রেসওয়ের বর্তমান নাম 'শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে' চট্টগ্রাম বাসীর কতটা কাজে আসছে, তা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে টোল আদায় শুরুর পর থেকেই মিলছে হতাশাজনক চিত্র।
প্রকল্পের এক সমীক্ষায় বলা হয়েছিল, দিনে গড়ে ৬৬ হাজারের বেশি গাড়ি চলবে, মাসে টোল আসবে সাড়ে ৮ কোটি টাকা। কিন্তু বর্তমানে দিনে গাড়ি চলছে গড়ে ৭ হাজারেরও কম। মাসে টোল আদায় হচ্ছে দেড় থেকে দুই কোটি টাকার মতো, যা দিয়ে রক্ষণাবেক্ষণ খরচ তোলাই দায়। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর র্যাম্প এখনো চালু না হওয়ায় মাঝপথ থেকে গাড়ি উঠতে পারছে না। ফলে নিচের সড়কে আগের মতোই যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী আর উড়াল সড়ক থাকছে অনেকটাই ফাঁকা।
Comments