৯২ কোটি টাকার চেক প্রত্যাখ্যান, অনন্ত জলিল ও স্ত্রীকে এমটিবির আইনি নোটিশ
ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত এবং তাঁর স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়ার পর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় বকেয়া অর্থ পরিশোধের জন্য তাঁদের নোটিশ দিয়েছে ব্যাংকটি।
অনন্ত জলিল নামে পরিচিত এমএ জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। তাঁর স্ত্রী খাদিজা পারভীন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।
এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু এ আইনি নোটিশ পাঠান। গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে নোটিশটি প্রকাশিত হয়।
নোটিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করে এমটিবি। নির্ধারিত সময়ের মধ্যে কিস্তিতে ঋণ পরিশোধের শর্তে এ সুবিধা দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে ঋণগ্রহীতারা পুনঃতফসিলের শর্ত যথাযথভাবে অনুসরণ করেননি বলে অভিযোগ করেছে ব্যাংক।
নোটিশে উল্লেখ করা হয়, ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য ২০২৬ সালের ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন অনন্ত জলিল।
পরে ২ নভেম্বর চেকটি ব্যাংকের বগুড়া শাখার মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবে জমা দেওয়া হয়। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নগদায়ন করা সম্ভব হয়নি। একই দিন চেক প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করে রিটার্ন মেমোও ইস্যু করে ব্যাংক।
আইনি নোটিশে ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আদালতে মামলা করাসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক। এসব আইনি পদক্ষেপের খরচও ঋণগ্রহীতাদের বহন করতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নোটিশে দাবি করা হয়েছে, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন একাধিকবার ফোনে এবং সরাসরি ব্যাংককে বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছিলেন।
এমটিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। পত্রিকাটি আইনি নোটিশের একটি অনুলিপিও সংগ্রহ করেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অনন্ত জলিলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
Comments