পাটজাত পণ্যের প্রচার ও পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন এবং যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পরিবেশ রক্ষায় বিশ্ববাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্যাভিলিয়ন পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনকালে প্যাভিলিয়নে প্রদর্শিত ব্যাগ, জুতা ও ব্লেজারসহ ছোট-বড় ১২৯ ধরনের বহুমুখী ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশি পাটপণ্য নিয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের অপার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা জুট প্যাভিলিয়ন পরিদর্শন করে পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
Comments