মেরিন কার্গো বিমা কার্যক্রম স্থগিতে আইডিআরএর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, উদ্বেগে বীমা খাত
মেরিন কার্গো বিমা কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসিকে (বিজিআইসি) নিয়ে দেশের বীমা খাতে উদ্বেগ তৈরি হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এ সিদ্ধান্তের পর নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা প্রয়োগের পদ্ধতি, প্রক্রিয়াগত ন্যায্যতা এবং শাস্তির আনুপাতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ৫ নভেম্বর পৃথক আদেশে প্রতিষ্ঠান দুটির মেরিন কার্গো বিমা কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে আইডিআরএ। এর আগে ২ নভেম্বর প্রতিষ্ঠান দুটির প্রধান কার্যালয়ে পরিদর্শন চালায় নিয়ন্ত্রক সংস্থাটি।
আইডিআরএর অভিযোগ, প্রতিষ্ঠান দুটি ২০২৬ সালে নির্ধারিত ট্যারিফের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা পলিসি ইস্যু করেছে। এর মাধ্যমে বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং আইডিআরএর নন-লাইফ সার্কুলার নং ৩/২০২১ লঙ্ঘন করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে, মেরিন কার্গো বিমার সংশ্লিষ্ট উপশ্রেণিতে তাদের নিবন্ধন কেন স্থগিত করা হবে না।
তবে সংশ্লিষ্ট মহলের মতে, ব্যাখ্যা চাওয়ার আগেই কার্যক্রম স্থগিতের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অথচ আর্থিক জরিমানা ও ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের মতো শাস্তি আরোপের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বক্তব্য শোনা এবং যথাযথ শুনানির সুযোগ দেওয়া উচিত ছিল।
একটি বীমা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাকৃতিক ন্যায়ের নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে অভিযোগ জানিয়ে ব্যাখ্যা চাওয়া, শুনানি গ্রহণ এবং সেই ব্যাখ্যা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
বীমা আইন, ২০১০-এর ১০(১) ধারায় নির্দিষ্ট লঙ্ঘনের ক্ষেত্রে কোনো বীমা প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পূর্ণভাবে অথবা নির্দিষ্ট শ্রেণি বা উপশ্রেণির ব্যবসার ক্ষেত্রে স্থগিত কিংবা বাতিল করার ক্ষমতা আইডিআরএকে দেওয়া হয়েছে।
আইনের ১০(২) ধারায় ৩০ দিনের কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে সর্বোচ্চ তিন মাসের জন্য নিবন্ধন স্থগিত করার বিধান রয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নতুন পলিসি ইস্যু করতে পারে না। তবে আগে ইস্যু করা পলিসির দাবি ও অন্যান্য চুক্তিগত দায়বদ্ধতা বহাল থাকে।
অন্যদিকে, ১০(৩) ধারায় প্রতিষ্ঠানের ব্যাখ্যা বিবেচনা করে স্থগিতাদেশ প্রত্যাহার, সর্বোচ্চ আরও দুই মাসের জন্য স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো অথবা নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে।
এ কারণে ব্যাখ্যা দেওয়ার সুযোগ ও স্থগিতাদেশ কার্যকরের সময় নির্ধারণের ক্ষেত্রে আইনের বিধান কীভাবে প্রয়োগ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া বীমা আইনের ৬০ ধারায় অনুমোদনহীন প্রিমিয়াম বা কমিশন রিবেট নিষিদ্ধ করা হয়েছে। একই ধারার ৬০(২) উপধারায় এ ধরনের লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানার বিধান রয়েছে। অন্যদিকে, নিবন্ধন স্থগিত বা বাতিলের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে ১০ ধারায়।
সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত ট্যারিফ মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার থাকলেও অভিযোগের ধরন, শাস্তির মাত্রা এবং ব্যবস্থা নেওয়ার সময় কতটা যৌক্তিক ও আনুপাতিক ছিল, সেটিও বিবেচনার বিষয়।
বীমা প্রতিষ্ঠানের ওই প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেন, এ ধরনের কঠোর নিয়ন্ত্রক পদক্ষেপ দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা পরিচালনার বিষয়ে নতুন করে ভাবতে পারে, এমনকি কোনো কোনো প্রতিষ্ঠান কার্যক্রম অন্য দেশে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিতে পারে।
তিনি বলেন, ব্যবসা স্থানান্তরিত হলে সরকারের মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর থেকে রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ব্যবসার ব্যস্ত মৌসুমে তিন মাসের স্থগিতাদেশ কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, প্রিমিয়াম আয় এবং কর্মীদের বেতন-ভাতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তার মতে, এ সিদ্ধান্ত বীমা খাতে একটি উদ্বেগজনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। ভবিষ্যতে তুলনামূলক ছোটখাটো নিয়ন্ত্রক বা প্রক্রিয়াগত ত্রুটির ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে।
এদিকে, গ্রিন ডেল্টা ও বিজিআইসি নতুন মেরিন কার্গো বিমা পলিসি ইস্যু করতে না পারায় তাদের বিদ্যমান গ্রাহকদের বিকল্প বিমা প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। এতে গ্রাহক সম্পর্ক, বাজার প্রতিযোগিতা এবং বীমা খাতের ব্যবসায়িক ভারসাম্যেও প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্টদের মতে, বিমা খাতে শৃঙ্খলা ও নির্ধারিত ট্যারিফ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। তবে একই সঙ্গে আইনানুগ প্রক্রিয়া, ন্যায়বিচার এবং শাস্তির আনুপাতিকতা বজায় রাখাও নিয়ন্ত্রক সংস্থার জন্য সমান গুরুত্বপূর্ণ।
Comments