পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। এর ফলে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়ার মুখে শ্রমিকেরা সরে গেলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ জট তৈরি হওয়ায় পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে মৌচাক ও জরুনের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে ওই এলাকার ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
Comments