মজুরি বৃদ্ধির দাবিতে আবারো গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আবারও সড়কে নেমেছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে জেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের কারণে সফিপুর এলাকা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকরা।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ শুরু করে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা। একই সঙ্গে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
Comments