চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল চিত্রা হরিণ
সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন । প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হরিণটিকে আবারও বনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রেখেছে শিকারিরা। পরে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল দুপুর ১টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বেলা ৩টার দিকে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় সেটিকে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments