ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমানের ফ্লাইট বন্ধের মেয়াদ আরও ১৯ দিন বাড়ল
সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আরও ১৯ দিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এর আগে নেওয়া ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে রিয়াদ বাদে ঢাকা–জেদ্দা, ঢাকা–দাম্মাম ও ঢাকা–মদিনা রুটে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিমানের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক থাকবে।
যাত্রীদের টিকিট রিইস্যু বা ভ্রমণসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যেকোনো নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত ২৫ অক্টোবর বিমান কর্তৃপক্ষ ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। পরবর্তীতে ৭ নভেম্বর থেকে ঢাকা–দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হলেও রিয়াদ রুটের স্থগিতাদেশ বলবৎ রাখা হয়।
উল্লেখ্য, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। গত ৮ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এসব বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী মোট ১৮৬টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে, যার মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ১০৯টি।
Comments