সাভার–আশুলিয়ায় শ্রমিক–পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে বেলা তিনটার মধ্যে অন্তত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকেরা উপস্থিত হলেও কয়েকটি কারখানার শ্রমিক কাজ বন্ধ করে কারখানার ভেতরে ও বাইরে অবস্থান নেন। কাজ বন্ধ থাকায় ওই সময় কিছু কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানার বাইরে এসে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন। জামগড়া এলাকায় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাঁজোয়াযান (এপিসি) লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এদিকে সাভারের হেমায়েতপুর এলাকায় বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের একটি কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। সেখানেও কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
অর্ধশতাধিক কারখানায় ছুটি
সার্বিক এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাভার ও আশুলিয়ায় ৫০ থেকে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ কর্মকর্তারা।
আশুলিয়া শিল্পাঞ্চল শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে অধিকাংশ কারখানায় পরিবেশ স্বাভাবিক থাকলেও কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা চালান এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন। পরে বলপ্রয়োগ না করে কেবল কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে কিছু বহিরাগত ব্যক্তি শিল্পাঞ্চলে উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, "শ্রমিকদের দাবি অনুযায়ী ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তা নিয়ে আলোচনা চলছে। কিন্তু বাইরে থেকে একটি তৃতীয় পক্ষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। হেমায়েতপুরকেন্দ্রিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ায় বর্তমানে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, জেলা ও শিল্প পুলিশের পাশাপাশি শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি এবং চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।
Comments