নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে নারী ও শিশুদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়।
এ সময় জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের অসাধারণ সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেন এমিনে এরদোয়ান। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়া প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও বিশেষ আগ্রহ দেখান তুরস্কের ফার্স্ট লেডি।
বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী-শিশুদের স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে সৃষ্ট সংকটগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এছাড়া পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কেও ফার্স্ট লেডিকে অবহিত করেন তিনি।
এমিনে এরদোয়ান এসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং উপকূলীয় নারীদের নানামুখী স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। এই সংকট মোকাবিলায় তুরস্কের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন এমিনে এরদোয়ান। শামা ওবায়েদ জানান, এ লক্ষ্যে খুব শীঘ্রই একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানো হবে, যারা সরাসরি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা সমাধান এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে এই দল যৌথভাবে কাজ করবে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর সময় এমিনে এরদোয়ানের বাংলাদেশ ও কক্সবাজারের শিবির পরিদর্শনের কথা স্মরণ করে তিনি বলেন, তুরস্ক সরকার দীর্ঘকাল ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়। তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিতকরণে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
সংবাদ শেসকালে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ান সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
Comments