শ্যামাপূজা ও দীপাবলি আজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা ও দীপাবলি আজ রোববার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়। দেবী শ্যামার আরাধনা আর আলোর উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বাঙালি হিন্দু সংস্কৃতিতে শ্যামাপূজা ও দীপাবলির রয়েছে বিশেষ গুরুত্ব। অশুভ শক্তি ও অন্ধকারের বিনাশ এবং সত্য, শুভ ও কল্যাণের প্রতিষ্ঠার প্রত্যাশায় শত শত বছর ধরে এ উৎসব উদ্যাপন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
দীপাবলি বাংলাদেশে দীপাবলি নামে পরিচিত হলেও অবাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এটি দিওয়ালি হিসেবে পরিচিত। ধর্মীয়ভাবে উৎসবটি 'দীপান্বিতা কালীপূজা' নামেও পরিচিত। বাঙালি ছাড়াও অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা একই তিথিতে কালীপূজা উদ্যাপন করেন।
পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে শেষ হবে আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে। সাধারণত মধ্যরাতে অনুষ্ঠিত হয় কালীপূজার মূল আনুষ্ঠানিকতা।
এদিন কালীপূজার পাশাপাশি অনেকেই লক্ষ্মীপূজার আয়োজন করেন। সন্ধ্যায় বাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত পিতা-মাতা ও স্বজনদের স্মরণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
উৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ছাড়া পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, তাতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজার ও পোস্তগোলা মহাশ্মশালেও থাকছে নানা আয়োজন।
Comments