নির্বাচনে ভরাডুবির পর মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রশাসনে রদবদলের চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে কাদের দায়িত্বে পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশাসনের সম্ভাব্য পরিবর্তন নিয়ে কথা বলেন ট্রাম্প। মন্ত্রিসভার কোনো সদস্যকে বরখাস্ত করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হ্যাঁ, এমন পরিকল্পনা রয়েছে। কয়েকজনকে নিয়ে এ ধরনের চিন্তাভাবনা করছি।'
তবে মন্ত্রিসভার সামগ্রিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'আমি আমার মন্ত্রিসভাকে ভালোবাসি। আমার মনে হয়, তারা ভালো কাজ করছেন। তবে কিছু পরিবর্তন আনতে পারি।'
এদিকে ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তনের খবর সামনে এসেছে। চিফ অব স্টাফের দায়িত্বে থাকা সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের।
অন্যদিকে, এত দিন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা সুসি ওয়াইলস প্রেসিডেন্টের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন বলে জানা গেছে। ফলে হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়েও দায়িত্ব পুনর্বণ্টনের আভাস পাওয়া যাচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর ট্রাম্পের এই বক্তব্যকে প্রশাসন পুনর্গঠনের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে মন্ত্রিসভার ঠিক কোন কোন সদস্যকে সরানো হতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
Comments