ইয়েমেনে বিমান হামলা, নিহত অন্তত ৩০
ইয়েমেনের তায়েজ প্রদেশের একটি ব্যস্ত বাজারে বিমান হামলার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
শুক্রবার (৬ নভেম্বর) প্রদেশটির আল-ওয়াজিয়া এলাকার আল-হাদারা বাজারে এ হামলা হয়। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-সাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
তবে হামলার প্রকৃত দায় কার, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। স্থানীয় সরকারি কর্তৃপক্ষের দাবি, এ হামলার জন্য হুথিরাই দায়ী। একই সঙ্গে তারা জানিয়েছে, ওই এলাকায় কোনো বিমান হামলা চালানো হয়নি।
অন্যদিকে, হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি অভিযোগ করেছেন, সৌদি আরবের যুদ্ধবিমান থেকে বাজারটিতে হামলা চালানো হয়েছে। তবে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
ইয়াহইয়া সারির ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে বাজারটিকে লক্ষ্য করে তিন দফা বিমান হামলা চালানো হয়। সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করেছিল বলেও দাবি করেন তিনি।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ভিডিওচিত্রে ক্ষতিগ্রস্ত ভবন ও বিধ্বস্ত যানবাহনের পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফলের বাক্স এবং ধ্বংসস্তূপের চিত্রও উঠে এসেছে।
Comments