ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি
ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শনিবার (৭ নভেম্বর) তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হরমুজ প্রণালির কাছাকাছি কেশম দ্বীপের সুজা এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ওই এলাকায় দুটি বস্তু আছড়ে পড়তে দেখেছেন তাঁরা। ঘটনার আগে দ্বীপের আকাশে উড়োজাহাজের শব্দও শোনা গিয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি—এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।
শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুই পক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে দোহা।
কেশম দ্বীপে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
এর আগের দিন শুক্রবার একই এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংসের খবর প্রকাশ করে ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছিল।
সূত্র: রয়টার্স।
Comments