২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন বছরের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। অন্যদিকে নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ১৫ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ২৯ দিন।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৭ সালে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ সংস্থা এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটির তালিকা কার্যকর হবে।
এর আগে গত ২ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ জন্য বছরের শুরুতেই নির্ধারিত ছুটি ভোগের অনুমতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে।
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ঘোষিত ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের ছুটি ও কর্মঘণ্টা নিজস্ব আইন বা বিধিমালা অনুযায়ী পরিচালিত হয় এবং যেসব প্রতিষ্ঠানকে সরকার অত্যাবশ্যকীয় হিসেবে ঘোষণা করেছে, সেগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।
Comments