মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে মোংলা বন্দর থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত আধুনিক জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, "মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"
অনুষ্ঠানে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন করা হবে। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি এই মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও অবকাঠামোগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও চীন পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে চায় উল্লেখ করে মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 'ইনভেস্ট বাংলাদেশ' এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন' (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের একটি চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।
আলোচনাকালে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন হিসেবে উল্লেখ করে দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গঠনে এগিয়ে আসার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Comments