মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে মোংলায় অবতরণ করেন তিনি।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ে নিজের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টার দিকে সেখান থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সফরের অংশ হিসেবে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নে নেওয়া একটি বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
মোংলার কর্মসূচি শেষে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)'-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, দিনের কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Comments