গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: যান চলাচল বন্ধ, অতিরিক্ত বিজিবি মোতায়েন
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এর আগে সকালে চন্দ্রা এলাকায় ডিভাইন ও ইন্টার স্টপ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া শিল্প পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তাৎক্ষণিকভাবে সরিয়ে দেয়।
পাশাপাশি, শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন স্থানেও শ্রমিকদের সড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ওই এলাকার বেশিরভাগ কারখানা আজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলার অবনতি রোধে গাজীপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ১০ প্লাটুনের পরিবর্তে আজ জেলায় মোট ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জনের পরিবর্তে বর্তমানে মাঠে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
Comments