জন্মদিনে অন্য এক পরীমণি
একসময় পরীমণির জন্মদিন মানেই ছিল তারকাদের মিলনমেলা, পাঁচতারা হোটেলে জমকালো আয়োজন আর উৎসবের আমেজ। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই উদযাপনের ধরন। আজ জন্মদিনে আগের মতো জাঁকজমক নয়, বরং কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে চান এই চিত্রনায়িকা। এর পেছনে রয়েছে প্রিয় মানুষকে হারানোর গভীর বেদনা।
পরীমণির জীবনে সবচেয়ে কাছের মানুষদের একজন ছিলেন তার নানা শামসুল হক গাজী। মাত্র তিন বছর বয়সে মাকে হারানো অভিনেত্রী বড় হয়েছেন নানার স্নেহে। ২০২৩ সালে নানাকে হারানোর পর থেকেই জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলেন তিনি। নানাকে ছাড়া কেক কাটা কিংবা আনন্দ করার কথা ভাবতেও কষ্ট হতো তার। এবার তাই উৎসবের জৌলুসের চেয়ে প্রিয়জনদের সান্নিধ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পরীমণি।
এদিকে জন্মদিনের আগেই এআই দিয়ে তৈরি বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে ডিজিটাল মাধ্যমে ছবি ও ভিডিওর অপব্যবহার নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে দুর্গাপূজার আবহে দেবীর আদলে সাজানো একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন পরীমণি। 'শুভ শক্তির জয় হোক' বার্তায় প্রকাশিত ভিডিওটি সামাজিকমাধ্যমে ইতিবাচক সাড়াও পায়।
ব্যক্তিগত জীবনের নানা আলোচনার পাশাপাশি অভিনয়েও ব্যস্ততা বাড়ছে তার। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম 'সেপারেশন'-এ অভিনয় করেছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও নিরব হোসেন। কাজটি মুক্তি পাওয়ার কথা আইস্ক্রিনে। এ ছাড়া 'দোদুলের গল্প', 'গোলাপ' ও 'শাস্তি' নিয়েও আলোচনায় রয়েছেন অভিনেত্রী।
একসময় জন্মদিনের জাঁকজমকে আলোচনায় আসতেন পরীমণি। এখন তার জীবনের গল্পে আনন্দের পাশাপাশি জড়িয়ে আছে হারানোর বেদনাও। সময় বদলেছে, বদলেছে উদযাপনের ধরন। জন্মদিনে তাই প্রিয়জনদের সঙ্গই তার কাছে সবচেয়ে মূল্যবান। পর্দার ঝলমলে জীবনের আড়ালে এ যেন অন্য এক পরীমণি।
Comments