৩৫ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, গণনা শুরু
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) প্রায় ৩৫ দিন পর সকাল সাড়ে ৯টার দিকে এগুলো খোলা হয়। পরে সকাল ১০টা থেকে শুরু হয় দানের অর্থ গণনার কার্যক্রম।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণনা চলছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্স ও ডেগ খোলা হয়েছিল।
মাজারের দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা শুরু হয়। এরপর ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর তিন দফায় দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা করা হয়। চার দফায় পাওয়া নগদ অর্থের পরিমাণ ছিল ২ কোটি ২৯ লাখ টাকার বেশি।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এবার দীর্ঘ ছুটিতে মাজারে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম বাড়ায় দানের পরিমাণও আগের তুলনায় বেশি হতে পারে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত এবার কত টাকা পাওয়া গেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
নিয়মিত গণনার সিদ্ধান্ত
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় দানবাক্সের অর্থ নিয়মিত গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন পরিচালন ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে।
Comments