আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় যা বললেন ওমর সানী
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। ঘটনাটিকে তিনি 'অশনি সংকেত' হিসেবে উল্লেখ করেছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান ওমর সানী। আসিফ আকবরের ছবি ও গুলিতে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি যুক্ত করে দেওয়া পোস্টে তিনি সংগীতশিল্পীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ওমর সানী লেখেন, 'গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।'
এদিকে গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। গুলির নেপথ্যের কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় বিনোদন অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রিয় শিল্পীর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরাও।
Comments