আসামে উচ্ছেদ অভিযান: ১১০০ মুসলিম পরিবার বাস্তুচ্যুত, ভেঙে ফেলা হলো ১০ মসজিদ
ভারতের বাংলাদেশ সংলগ্ন রাজ্য আসামের নগাঁও জেলার লুতুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে গত রোববার ৬০০-এর বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। এর ঠিক আগের দিন আসামের আরও তিনটি জেলায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয় আরও ৫ শতাধিক পরিবার। গত ১৭ ও ১৮ অক্টোবর টানা এসব অভিযানে মোট ১১০০টিরও বেশি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রল-এর প্রতিবেদনে আসাম বন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রশাসনের দাবি, এসব মানুষ বনভূমি অবৈধভাবে দখল করে বসবাস করছিলেন।
কোথায় এবং কীভাবে চলল অভিযান
গত ১৭ অক্টোবর এক দিনেই তিন জেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এর মধ্যে নগাঁও জেলায় ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার রয়েছে। এসব উচ্ছেদের শিকার হওয়া মানুষদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম।
পরবর্তী দিন অর্থাৎ ১৮ অক্টোবর নগাঁও জেলার লুতুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে আরও ছয় শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়।
বাসিন্দাদের দাবি ও ঐতিহাসিক প্রেক্ষাপট
লুতুমারি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, তাঁরা অবৈধভাবে জমি দখল করেননি; বরং সরকারই তাঁদের সেখানে পুনর্বাসিত করেছিল। লুতুমারির ৪৪ বছর বয়সী বাসিন্দা আবদুন নূর জানান, ১৯৭৪ সালে সরকার ভূমিহীন হওয়ায় তাঁদের পূর্বপুরুষদের এখানে বসতি গড়ে দিয়েছিল এবং প্রায় ৩০০টি ভূমিহীন পরিবারকে চার বিঘা করে জমি দেওয়া হয়েছিল। তাঁরা গৌহাটি হাইকোর্টে মামলা করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।
আবদুন নূর আরও জানান, উচ্ছেদ অভিযানে ৫০ বছরেরও বেশি পুরোনোগুলোসহ মোট ১০টিরও বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ওই এলাকার বাসিন্দারা একসময় বন বিভাগে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এর আগে গত জুনে 'অল ইন্ডিয়া ইউনিয়ন অব ফরেস্ট ওয়ার্কিং পিপলস' আসাম সরকারকে এই বনাঞ্চলের বাসিন্দাদের পরিকল্পিত উচ্ছেদ অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছিল। সংগঠনটির যুক্তি ছিল, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালু হওয়া 'টংগিয়া' বন ব্যবস্থাপনা পদ্ধতির (যেখানে বন বিভাগের অধীনে কাজ করার পাশাপাশি বনাঞ্চলে বসবাসকারীরা চাষাবাদ করতেন) আওতায় ওই গ্রামের বাসিন্দাদের বসতি গড়ে দেওয়া হয়েছিল। তাই তাঁদের সাধারণ ভূমি দখলকারী হিসেবে দেখা উচিত নয়।
বিগত ১০ বছরের পরিসংখ্যান
স্ক্রলের সংকলিত তথ্য অনুযায়ী, আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গত ১০ বছরের শাসনামলে সরকারি ও সংরক্ষিত জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। রাজ্য প্রশাসনের তথ্যভিত্তিক এই হিসাব অনুযায়ী, উচ্ছেদ হওয়া এসব পরিবারের একটি বড় অংশই মুসলিম সম্প্রদায়ের।
Comments