অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি একদিনের রিমান্ডে
স্বর্ণ ও হীরা আমদানির আড়ালে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপ-পরিদর্শক মো. আশরাফুল হাসান আসামি দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিনদিনের রিমান্ড আবেদন করেছিলেন।
এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সিআইডি সূত্রে জানা যায়, স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ভুয়া নথিপত্র ব্যবহার করে মোট ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Comments