সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজের বাসভবনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে এবার প্রথম দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা সুন্দর ও নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার বিষয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাধীনতার পর এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজা উদযাপনে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অসহায় মানুষের মধ্যে শাড়িও বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে অতীতেও ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান তিনি।
পূজার নিরাপত্তা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে উৎসবটি সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করছেন।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
সভায় আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় ও সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ স্থানীয় নেতারা।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
Comments