ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে সর্বশেষ হিসাব তৈরি করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪ হাজার ১৯৯ জন।
বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
Comments