দেশের সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় শুধু রাস্তাঘাটের ময়লা-আবর্জনা অপসারণ নয়, বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অনিয়মও দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬'-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এক দিনেই দেশের সব স্থানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে পর্যায়ক্রমে যেখানে অপরিচ্ছন্নতা ও অনিয়ম রয়েছে, সেগুলো দূর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; যেসব স্থানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন, সেখানেই উদ্যোগ নেওয়া হবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর দায়িত্ব কৃষি খাত নিয়ে হলেও কুমিল্লা তাঁর নিজ এলাকা। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বড় হাসপাতালগুলোতে কমিটি গঠন করা হয়েছে। প্রটোকল অনুসারে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওই কমিটির সভাপতির দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।
হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সব ধরনের অনিয়ম দূর হয়ে গেছে—এমন দাবি করার সুযোগ নেই। তবে হাসপাতাল ও মেডিকেল কলেজের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের স্বার্থে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে একটি বিশ্বমানের হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।
এদিকে, মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকাল থেকেই সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। সিটি করপোরেশনের কর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার করেন। পাশাপাশি ড্রেনের ময়লা অপসারণ এবং হাসপাতালের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ চলে। পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজেও অংশ নেন কৃষিমন্ত্রী।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান এবং হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Comments