মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে প্রায় ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংকের সঙ্গে ২ দশমিক ৪০৪ বিলিয়ন চীনা ইউয়ানের (আরএমবি) ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ৩৩৫ কোটি ৭৮ লাখ (৩৩৫.৭৮ মিলিয়ন) ডলার।
গত ১০ অক্টোবর বাংলাদেশ সরকার ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া 'মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের জন্যই এই চুক্তি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে দেশটির সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন তিয়ান এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটির আওতায় বন্দর এলাকায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড এবং কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বন্দরের সার্বিক কার্যক্রম আধুনিকায়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
স্বাক্ষরিত এই চুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য মাত্র ২ শতাংশ সুদে নমনীয় ঋণ প্রদান করবে। এই ঋণ পরিশোধের মোট মেয়াদ হবে ২০ বছর, যার মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে গণ্য হবে।
Comments