শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃতি: ত্রাণমন্ত্রী
আবু সাঈদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিকৃতি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষের আত্মত্যাগ দীর্ঘ স্বৈরশাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রংপুরের সন্তান আবু সাঈদকে নিয়ে এ অঞ্চলের মানুষ গর্ববোধ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহিদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তাঁর নামে গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ পথ দিয়ে চলাচলকারী মানুষ গেটটি দেখে তাঁর আত্মত্যাগের কথা জানতে পারবেন। জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।
রংপুরের উন্নয়ন ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণেও সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনার কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। বেকারত্ব কমাতে রংপুরে শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না সরকার।
মাদকের বিষয়ে তিনি বলেন, মাদকাসক্তি শুধু রংপুর নয়, সারা দেশের একটি সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণেরা এতে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে।
এসময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী উপস্থিত ছিলেন।
Comments