দেবীর আগমনী বার্তায় আজ মহালয়া
আজ শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ সময় দেবীপক্ষ। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আগমনের জন্য আবাহন করা হয়। এদিন শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর বন্দনা করা হয়।
মহালয়া উপলক্ষে আজ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির ও স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান।
সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এ সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ করা হবে। পরে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন থাকবে।
মহালয়ার মধ্য দিয়েই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যে আগমন করেন। মহালয়ার বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা দেবীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু করেন।
দেবীর আগমনী বার্তায় মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। এই দিন থেকেই দুর্গোৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় উৎসবের আমেজ ও অপেক্ষা।
Comments