বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক ও এক শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ জরিপে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় স্থান পেয়েছেন বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও সহযোগী অধ্যাপক মো. হাসান আলী, এবং একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম।ড. ফেরদৌস রহমান গবেষণার পাশাপাশি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন।
২%গবেষকের তালিকায় থাকা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন,বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানী (Top 2% Scientists) তালিকা ২০২৬-এ অন্তর্ভুক্ত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মর্যাদাপূর্ণ তালিকায় ধারাবাহিকভাবে পঞ্চমবার (২০২২–২০২৬) স্থান পাওয়া আমার গবেষণা জীবনের এক অনন্য স্বীকৃতি।
তিনি আরও বলেন, এই অর্জন উৎসর্গ করছি আমার পরিবার, সহ-গবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও সকল সহযোগীদের প্রতি, যাঁদের অবদান, সহযোগিতা ও অনুপ্রেরণা আমার গবেষণা যাত্রার শক্তি। গবেষণা, জ্ঞান সৃষ্টি ও সমাজের কল্যাণে অবদানের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
গবেষক অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, "মহান আল্লাহর রহমতে ২০২৪–২০২৬ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছি। এ অর্জন শুধু আমার নয়; এর পেছনে পরিবার, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা রয়েছে।
তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে নবায়নযোগ্য শক্তি ও উন্নত সৌরপ্রযুক্তি নিয়ে গবেষণা করছি। গ্লোবাল র্যাঙ্কিংয়ে ২৮ হাজার ২৫০তম এবং অ্যাপ্লায়েড ফিজিক্সে ৫১৫তম স্থান অর্জন আমাকে আরও ভালো গবেষণায় অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তরুণ গবেষকদের সঙ্গে কাজ করে বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে চাই।
Comments