রাজশাহীর যেসব এলাকায় আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ এ তথ্য জানিয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে নেসকো জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের ঝুঁকিপূর্ণ শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে। নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ কাজের সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকোর সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ পর্যায়ে মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি, ইটাঘাটি এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিরতি থাকবে।
সব মিলিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে দুই ধাপে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো।
Comments