নীতিমালার আওতায় আসছে অটোরিকশার চলাচল: সড়ক ও পরিবহনমন্ত্রী
ঢাকা শহরে নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে দ্রুতই একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, ধানমন্ডি লেকের খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে মোট ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি একটি 'নজরুল মঞ্চ' নির্মাণ করা হবে। নতুন এই মঞ্চে একটি লাইব্রেরি স্থাপনের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রাখা হবে। ধানমন্ডির মনোরম পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, মন্ত্রীর এই ঘোষণার আগে ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে পুরো ঢাকা শহর অবরুদ্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশার মালিক-শ্রমিক নেতারা। একই সঙ্গে, অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার ঘোষণাও দেন তারা।
আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে চালকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রুট পারমিটের আওতায় আনা হোক। এছাড়া দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত মালিকদের গাড়ি যাচাই-বাছাই করে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়ার দাবিও জানান তারা।
উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন এবং প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে কাকরাইল মোড়ে সদরঘাট-গাজীপুর রুটে চলাচলকারী 'ভিক্টর ক্লাসিক গোল্ড সিটি' নামের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া আন্দোলন ছেড়ে অটোরিকশা চালিয়ে যাওয়ার চেষ্টা করায় কয়েকজন চালককে আন্দোলনকারীদের মারধরের শিকার হতে হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
Comments