যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এক ট্রাককে কুপিয়ে হত্যা, দুই ছিনতাইকারী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে রাজীব হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের ওপর ছিনতাইকারীরা হামলা চালিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মিন্টু ও ফারুক নামে দুইজনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা 'শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ'এর সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে এবং ফারুক একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব হোসেন ওয়াশরুমে যান। এ সময় ৪ থেকে ৫ জন ছিনতাইকারী ট্রাক চালক রাজীবের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
এ সময় রাজীবের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টু ও ফারুক নামে দুইজনকে ধরে তাদেরকে পুলিশে দেয় এবং ঘটনাস্থলে রাজীব মারা যান।
এ ঘটনায় কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী চক্রের দুইজনকে আটক করা হয় এবং নিহত রাজীবের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা ও ঘটনার প্রৃকত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
Comments