পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয়রদের তথ্য অনুযায়ী জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে শিশু দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। দুই শিশুর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে আবেদন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments