শিশু অ্যাকাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু অ্যাকাডেমিতে এসে পৌঁছালে ১৫০ জন শিশু ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত'।
সূচি অনুযায়ী, অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের হাতে স্মারক উপহার প্রদান, স্মরণিকা 'শৈশব'-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি ঘুরে দেখবেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং সেখানে ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে।
Comments